


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের সিলেবাস বিতর্কে বিদ্ধ দিল্লি বিশ্ববিদ্যালয়। অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তরে সিলেবাস থেকে ইসলাম, পাকিস্তান এবং চীন সংক্রান্ত যাবতীয় পেপার বাদ দেওয়ার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের এসংক্রান্ত কমিটি। শুধু তাই নয়, বিতর্ক দানা বেধেছে ভূগোলের স্নাতকোত্তর স্তরের সিলেবাস পরিবর্তনের সুপারিশ নিয়েও। অভিযোগ, সেই পাঠ্যসূচি থেকে হিন্দু মুসলিম গোষ্ঠী সংঘর্ষের প্রসঙ্গ বাদ দেওয়ার সুপারিশ করেছে সিলেবাস সংক্রান্ত কমিটি। পাশাপাশি অনেক বেশি ভারতবর্ষের প্রাচীন মুনি-ঋষিদের প্রসঙ্গ উল্লেখ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শিক্ষা মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতকোত্তরের সিলেবাস নিয়েও অভিযোগ উঠেছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির লেখা কবিতা তাতে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। তা নিয়ে বিতর্ক এখনও কাটেনি। তথ্যাভিজ্ঞ মহল প্রশ্ন তুলছে, বারবার কেন সিলেবাস পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগের কাঠগড়ায় উঠতে হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে? বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংক্রান্ত কমিটির বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পাঠ্যসূচিতে উল্লিখিত পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে রীতিমতো উত্তপ্ত হয়েছে সিলেবাস কমিটির বৈঠক। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রির সিলেবাস থেকে ইসলাম, পাকিস্তান এবং চীন সংক্রান্ত কোন পেপার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে?
সূত্রের খবর, এর মধ্যে রয়েছে ‘পাকিস্তান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’, ‘চায়নাস রোল ইন দ্য কনটেমপোরারি ওয়ার্ল্ড’, ‘ইসলাম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস’, ‘পাকিস্তান - স্টেট অ্যান্ড সোসাইটি’ এবং ‘রিলিজিয়াস ন্যাশনালিজম অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স’ শীর্ষক পেপার। জানা যাচ্ছে, পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি সিলেবাস থেকে ইসলাম, পাকিস্তান, চীনের মতো যাবতীয় বিষয় সম্পূর্ণ বাদ দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইমতোই সিলেবাস সংক্রান্ত কমিটির বৈঠকে নির্দিষ্ট মর্মে এই প্রস্তাব পেশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপকদের একটি বড় অংশের অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ারা যদি বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমীকরণ সম্পর্কে অবগতই না হন, তাহলে তাঁদের পড়াশোনাই অর্ধসমাপ্ত রয়ে যাবে। এহেন সুপারিশের মাধ্যমে আদতে রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়াদেরই বঞ্চিত করা হচ্ছে। ভূগোলের স্নাতকোত্তরে ‘টেরিটোরিয়াল বেসেস অব পলিটিক্স ইন ইন্ডিয়া’ থেকে ‘ইন্টারন্যাল কনফ্লিক্টস অ্যান্ড প্রবলেমস অব নেশন বিল্ডিং’ বাদ দেওয়ার প্রস্তাব করেছে সিলেবাস কমিটি।