


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ রাস্তা শ্যামনগর ফিডার রোড। এই রাস্তা একদিকে যেমন যুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে, অন্যদিকে ঘোষপাড়া রোডের সঙ্গে। রাস্তাটি নতুন করে তৈরির পরিকল্পনা নিয়েছে পূর্তদপ্তর। এজন্য সাত কোটি টাকা বরাদ্দও হয়েছে। কিন্তু রাস্তাটির কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছে। ফলে ফিডার রোড এখন চলাচলের অযোগ্য। অন্নপূর্ণা খেলার মাঠ থেকে শুরু করে বাসুদেবপুর পর্যন্ত রাস্তার হাল খুবই খারাপ। ধুলোর জন্য পড়ুয়া কিংবা পথচলতি মানুষকে মুখে রুমাল কিংবা মাস্ক লাগিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন আগে পূর্তদপ্তরের তরফে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও, আচমকা তা বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এবরো-খেবড়ো রাস্তা দিয়ে সাইকেলও চালানো যাচ্ছে না। বাইক, স্কুটি আরোহীরা মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে।
বেহাল রাস্তার কথা মেনে নিয়েছেন জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী। তিনি বলেন, তৎপরতার সঙ্গে ফিডার রোড সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজটা বন্ধ হয়ে যাওয়ায় পথচলতি মানুষজনের খুব অসুবিধা হচ্ছে। রাস্তা ধুলোয় পূর্ণ হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। তবে ১৫ আগস্টের আগেই ফের রাস্তার কাজ শুরু হবে। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, আমাদের অনুরোধে পূর্তদপ্তর এই রাস্তার খোলনলচে বদলে দিচ্ছে। পিচের চলটা তোলা হয়েছে। ১৫ আগস্ট এর পরে ব্লক বসানোর কাজ শুরু হচ্ছে। কয়েকটি দিন অসুবিধা হচ্ছে। কয়েকদিন পরে এই রাস্তা দেখার মত হয়ে যাবে। ধুলো যাতে না হয় তার জন্য পুরসভার পক্ষ থেকে জল ছিটানো শুরু হয়েছে।
রাস্তায় জল ছিটিয়ে ধুলো কমানোর চেষ্টা। নিজস্ব চিত্র