


নয়াদিল্লি, ৪ এপ্রিল: আইপিএলের চলতি মরশুমে শুরটা ভালোই হয়েছে পাঞ্জাব কিংসের। পরপর দু’টি ম্যাচেই জয় এসেছে। ফলে লিগ টেবিলে তারা এই মুহূর্তে এক নম্বরে। তবুও স্বস্তিতে নেই অধিনায়ক শ্রেয়স আইয়ার। কড়া শাস্তির মুখে পড়তে হল তাঁকে। সেইসঙ্গে অস্বস্তিতে গোটা দল।
গতকাল চিপকে চেন্নাইকে ৫ উইকেটে পরাস্ত করেছে পাঞ্জাব। কিন্তু স্লো-ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়েছেন অধিনায়ক শ্রেয়স। গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচেও একই ভুল করেছিলেন তিনি। পুনরাবৃত্তির জন্য দ্বিগুণ হয়েছে জরিমানার অঙ্ক। শ্রেয়সকে ২৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভারতীয় বোর্ড। ছাড় পাননি দলের বাকি ক্রিকেটাররাও। প্রত্যেককে ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। আরও বড় খাঁড়াও ঝুলছে পাঞ্জাব কিংসের অধিনায়কের ঘাড়ে। একই মরশুমে তিনবার স্লো-ওভার রেট সংক্রান্ত নিয়ম ভাঙলে এক ম্যাচের জন্য ব্যানের মুখে পড়তে হতে পারে তাঁকে।