


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর‑কাণ্ডে ফের মামলার অগ্রগতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেওয়ার দিন ধার্য হল ১০ জুন। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই মামলায় মৃতার বাবা‑মা হাজির ছিলেন। তাঁদের কৌঁসুলি অমর্ত্য দে আদালতে দাবি করেন, সিবিআই তাঁদের মাল্টি ন্যাশনাল মেডিক্যাল বোর্ড (এমআইএমবি)‑এর পূর্ণাঙ্গ রিপোর্ট সরবরাহ করুক। প্রত্যুত্তরে সিবিআইয়ের কৌঁসুলি পার্থসারথি দত্ত বলেন, ওই রিপোর্ট তো আগেই তাঁদের দেওয়া হয়েছে। তাই সে ক্ষেত্রে তাঁদের যদি ফের প্রয়োজন হয়, তাহলে আদালতের কাছে সার্টিফায়ের্ড কপির জন্য দরখাস্ত করা হোক। উত্তরে নির্যাতিতা পরিবারের তরফে আদালতে বলা হয়, সিবিআই এই বিষয়ে যে রিপোর্ট দিয়েছে, তা স্বয়ংসম্পূর্ণ ছিল না। আমরা আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্টের দাবি জানিয়েছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত সিবিআই এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।