


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ সালে ১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে দশ বছর কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। তার নাম এম পারবাত নাথন। বৃহস্পতিবার আলিপুরের পকসো আদালতের বিচারক রিম্পা রায় এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেন। জরিমানার টাকা আদায় হলে তা পাবে নির্যাতিতা। এর পাশাপাশি বিচারক দক্ষিণ ২৪ পরগনার আইনি সহয়তা কেন্দ্রকে নির্দেশ দেয়, রায়দানের নির্দিষ্ট সময়ের মধ্যে কিশোরীকে দিতে হবে চার লক্ষ টাকা।
সরকারি কৌঁসুলি মাবধী ঘোষ অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বিরুদ্ধে কড়া সাজার দাবি জানান। তিনি বলেন,‘অপরাধী যে কাজ করেছেন, তা কোনো অবস্থাতাতেই ‘লঘু’ করে দেখা ঠিক নয়।’ দোষী সাব্যস্ত সেনা কর্মীর কৌঁসুলি বলেন, ‘আমার মক্কেলকে যেন কম সাজা দেওয়া হয়।’ উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক সাজা ঘোষণা করেন। এরপরই কড়া প্রহরায় তাঁকে জেলে নিয়ে যাওয়া হয়। অপরাধী সেনা কর্মীর তরফে জানানো হয়, ‘নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে তাঁরা কলকাতা হাইকোর্টে যাবেন।’