


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর‑কাণ্ডে ন্যায়বিচার চেয়ে শহরে আন্দোলনে নেমে ছিলেন চিকিৎসকদের একাংশ। তাঁরা মিছিল, মিটিং‑ধরনা আন্দোলনে নেমেছিলেন। ওই আন্দোলনকে ঘিরে পুলিশি কাজে বাঁধা দেওয়াসহ নানা অভিযোগ ওঠে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে। তা নিয়ে একাধিক মামলা হয়। চার্জশিট হওয়া সেই মামলায় বিভিন্ন অভিযুক্তের মধ্যে ১২ জন চিকিৎসক বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন। তাঁদের মধ্যে রয়েছেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরাও। অভিযুক্তদের তরফে আইনজীবী ইয়াসিন রহমান ও নাজিম উদ্দিন সিদ্দিকি বলেন, ‘ওই সমস্ত মামলায় পুলিশ আগেই বিভিন্ন ধারায় চার্জশিট দিয়েছে। আমরা এদিন কোর্টে হাজির হয়ে বিচারকের কাছে জামিনের আর্জি জানাই। বিচারক তা মঞ্জুর করেন।’
এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে চিকিৎসকদের একাংশ ও তাঁদের আইনজীবীরা অভিযোগ করেন, অভয়ার মৃত্যুর ন্যায়বিচার চেয়ে সাধারণ মানুষের সঙ্গে রাজপথে আন্দোলনে নেমেছিলেন। কিন্তু পুলিশ চিকিৎসকদের বিরুদ্ধে অহেতুক একাধিক ধারায় ভিত্তিহীন অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে নানা ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়। আদালতের প্রতি আমাদের আস্থা ও ভরসা রয়েছে। এদিন চিকিৎসকদের একাংশ দাবি করেন, আমাদের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা, বেআইনি জমায়েত, কুশপুতুল পোড়ানোর জন্য আগুন লাগানোর চেষ্টাসহ নানা অভিযোগ আনা হয়। যার কোনও ভিত্তিই নেই। ব্যাংকশাল
কোর্টের মুখ্য সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আন্দোলন করার অধিকার সকলেরই আছে। কিন্তু তাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ আইনি পদক্ষেপ করবেই। এক্ষেত্রেও তাই করা হয়েছে।’