


সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২০২২ থেকে চলতি বছরে এখনও পর্যন্ত জলদাপাড়া বন বিভাগে একটিও গন্ডার হত্যার ঘটনা ঘটেনি। আজ, রবিবার এই তথ্য প্রকাশ করেছে বনদপ্তর। জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি, বন্যপ্রাণী সুরক্ষায় এটি একটি বড়সড় সাফল্য বলা যায়। অথচ ১৯৮৪ সাল থেকে চোরাশিকারীদের দৌরাত্ম্যে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ১৪টিতে এসে ঠেকেছিল। বর্তমানে জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়। ২০২৫ সাল থেকে এখনও পর্যন্ত অন্যান্য বন্যপ্রাণী হত্যা ও বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ঘটনায় ২২ জন অভিযুক্তকে ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আনা হয়েছে। অভিযুক্তদের আদালতে তুলে কারাদণ্ড দেওয়ার বিষয়েও সাফল্যও পেয়েছে বনদপ্তর। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি, নিরবিচ্ছিন্ন জঙ্গল সুরক্ষা ও নজরদারির কারণেই এই সাফল্য অর্জন করা গিয়েছে। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও বলেন, নিঃসন্দেহে এটি একটি ভাল খবর। তার জন্য জলদাপাড়া বন বিভাগের আধিকারিক ও সকল বনকর্মীকে ধন্যবাদ জানাই। তবে আত্মতুষ্টির কোনরকম অবকাশ নেই। রাজ্যের বনাঞ্চল বন্যপ্রাণদের সুরক্ষায় আমাদের আরও ভালো কাজ করে যেতে হবে।