


দিল্লি, ২৩ জুন: দীর্ঘ জল্পনার অবসান। অবশেষে ‘ঘর ওয়াপসি' ঋষভ পন্থের।
সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস-এর সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করেন ঋষভ। তাঁর পরবর্তী গন্তব্য কী হবে, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে জানা গেল, পুরনো দল দিল্লি ক্যাপিটলসে ফিরছেন এই কিপার-ব্যাটসম্যান। আইপিএলের আগামী মরসুমে ফের নীল জার্সিতে দেখা যাবে তাঁকে। যদিও এই ফেরা আর্থিক দিক থেকে মোটেই মধুর হল না পন্থের পক্ষে। কারণ এক ধাক্কায় বিপুল দর কমল তাঁর।
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী লখনউ থেকে দিল্লি দলে ফিরবেন ঋষভ। পরিবর্তে দিল্লির স্পিনার কুলদীপ যাদবকে পাচ্ছে সুপার জায়ান্টরা। আর্থিক দিক থেকে এটি আইপিএলের ইতিহাসের অন্যতম বড় ‘ট্রেড ডিল’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালে ২৭ কোটি টাকায় ঋষভকে লখনউ দলে নেওয়া হয়েছিল। দেওয়া হয় অধিনায়কের দায়িত্বও। কিন্তু, প্রত্যাশা পূরণে সবরকমভাবেই ব্যর্থ হয়েছেন তিনি। যার ফলে তাঁর দর কমে প্রায় অর্ধেকে আশেপাশে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, ১৫ কোটি টাকায় ঋষভকে দলে পাচ্ছে দিল্লি।