


লখনউ, ২৯ মে: চলতি মরশুমে সেভাবে কিছুই করে উঠতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে থুড়ি একেবারে শেষে রয়েছে তারা। এই ব্যর্থতার পরই দলের অধিনায়কত্ব ছাড়লেন ঋষভ পন্থ। সূত্রের খবর, তিনি নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। পরে যা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মেনে নেওয়া হয়। আজ, শুক্রবার লখনউয়ের ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি এই কথা জানিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ঋষভ নিজেই দায়িত্ব ছাড়ার কথা দলকে জানিয়েছিলেন। তাঁর সেই অনুরোধকে মান্যতা দিয়ে নেতৃত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে মুডি বলেন, ঋষভের অনুরোধ সম্মানের সঙ্গে গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ কাজ নয়। পন্থের কাছে আমরা কৃতজ্ঞ। দলকে নতুন ভাবে গড়ে তোলা এখন আমাদের মূল লক্ষ্য।
২০২৫ সালে ২৭ কোটি টাকায় ঋষভকে লখনউ দলে নেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল অধিনায়কের দায়িত্বও। কিন্তু, প্রত্যাশা পূরণে সবরকমভাবেই ব্যর্থ হয়েছেন তিনি। ফলে চলতি মরশুমের মাঝেই তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হতে পারে বলে কানাঘুষোয় শোনা যায়। অবশেষে সেই আশঙ্কাই আজ সত্যি হল। অপরদিকে, আগামী মরশুমে সঞ্জীব গোয়েঙ্কার দল ঋষভকে আদৌ দলে রাখবে কী না তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।