


নয়াদিল্লি: লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছেড়েছেন আগেই। এবার সেই ফ্র্যাঞ্চাইজিই ছাড়তে চলেছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসে প্রত্যাবর্তন ঘটছে তাঁর। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেছেন তিনি। গত বছর নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভকে নেয় লখনউ। কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল এলএসজি। জয় আসে মাত্র ৪ ম্যাচে। ১৩ ইনিংসে তাঁর ৩১২ রান। সেরা ৬৮ নট আউট।
এই পরিস্থিতিতেই পুরানো ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন পন্থ। তবে অনেকটাই কমছে তাঁর ফি। দিল্লিতে ১৫ কোটি টাকায় আসছেন তিনি। পরিবর্ত হিসেবে দিল্লি থেকে লখনউয়ে আসছেন কুলদীপ যাদব। তাঁর ফি এখন ১৩.৫০ কোটি টাকা। পন্থকে ছাড়ায় লখনউয়ের পকেটে আসছে বাড়তি ১৩.৫০ কোটি টাকা।