


লখনউ: মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। শুধু তাই নয়, তারকা উইকেটরক্ষক ব্যাটারের হাতে নেতৃত্বও তুলে দেওয়া হয়েছিল ঘটা করে। কিন্তু দু’বছরের মধ্যেই মোহভঙ্গ হল। টানা দুই মরশুমে খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন পন্থ। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের অফিসিয়াল পেজে এই খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য ঋষভ পন্থ নিজেই অনুরোধ করেছেন। দল সেই আবেদন মেনে নিয়েছে।’ এলএসজি’র ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ঋষভের অনুরোধ দল সম্মানের সঙ্গে গ্রহণ করেছে। এই ধরণের সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। অধিনায়ক হিসেবে ঋষভ যা কিছু করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন দলকে নতুনভাবে তৈরি করাই আমাদের লক্ষ্য থাকবে।’
অস্বীকার করার উপায় নেই যে, ঋষভের নেতৃত্বে লখনউয়ের পারফরম্যান্স একেবারে পাতে দেওয়ার মতো নয়। গতবার সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করেছিল। আর এবার সবার নীচে এলএসজি। স্বাভাবিকভাবেই ঋষভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তাছাড়া ব্যাট হাতেও গোটা টুর্নামেন্টে ফর্ম হাতড়ে বেড়িয়েছেন তিনি। ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ ঋষভ শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন।