


কলকাতা, ৫ জুন: আন্দোলনে নামার হুমকি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল, বৃহস্পতিবার এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যার নেতৃত্বে ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। গতকাল এন্টালিতে যা ঘটেছে, তা তাঁর দল সমর্থন করে কি? বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে জানতে চেয়েছেন ঋতব্রত। এদিকে, গতকালের ঘটনায় নিউমার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্দীপন সাহা।
এন্টালির বিধায়কের বাড়িতে বিজেপির ঝান্ডা হাতে বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ, শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘একজন নির্বাচিত বিধায়কের বাড়িতে বহিরাগতদের এনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেত্রী। এ মোটেই কাম্য নয়। আমরা জানতে চাই, এটি কি প্রিয়াঙ্কাদেবীর ব্যক্তিগত কর্মসূচি? নাকি তা বিজেপি থেকে করানো হয়েছে?’ এর রেশ ধরে তিনি বলেন, ‘বিজেপি রাজ্য নেতৃত্বকে প্রকাশ্যে বলতে হবে, এই ঘটনাকে দল অনুমোদন করে কি না? তাঁরা এই সম্পর্কে কিছু না জানালে সাত দিন পরে বৃহত্তর আন্দোলন হবে।’