


নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রচণ্ড গরম। বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য শরীর ঠান্ডা রাখতে নিয়মিত খাচ্ছেন টক ডাল, বাসি ভাত, মাছ, টক দই আর ডাবের জল। মেনু সাদামাটা। কিন্তু সেটিই তাঁর সারাদিনের শক্তির জোগানদার। সকাল থেকে রোদে একটানা হাঁটা। তারপর এক ঘণ্টার বিরতিতে খাওয়াদাওয়া। বেশিরভাগ দিন কারও বাড়িতে বসেই মধ্যাহ্নভোজন। তেল-মশলাদার খাবার এড়িয়ে যাচ্ছেন। বলেন, ‘টক ডাল ও টক দই শরীরের তাপ কমাতে সাহায্য করে। বাসি ভাত গরমে আরাম দেয়। আর ডাবের জল জলশূন্যতা কাটায়।’ সকালে তাঁর প্রচার শুরু সকাল ১০টায়। ডোর-টু-ডোর, পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাওয়া। টানা চার ঘণ্টার প্রচার। দুপুর দু’টোর মধ্যে ঘুরছেন ১২টি বুথ। তারপর দুপুরের খাবার। অল্প বিশ্রাম। বিকেল ৩টে নাগাদ শুরু দ্বিতীয় দফার প্রচার। পায়ে হেঁটে ডোর-টু-ডোর। চলছে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। সন্ধ্যার পর ছোটো বৈঠক, আমন্ত্রণ রক্ষায় যাওয়া, বা পুজোর আসরে উপস্থিত হওয়া কিংবা পথসভা। এই কর্মসূচি চলছে রাত ১২টা পর্যন্ত। তারপর বনগাঁ শহরে বাড়ি ফেরা। প্রার্থী বলেন, ‘বিধায়ক হয়েও একইভাবে মানুষের জন্য এলাকায় থাকব ঘরের মেয়ে হয়ে।’ প্রচারে বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী।-নিজস্ব চিত্র