


সংবাদদাতা, ইটাহার: হাত দিয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে ইটাহারের ঘেরা মোড়ে বিক্ষোভ দেখালেন সোহাইর গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঠিকাদার সংস্থা ঠিক করে রাস্তার কাজ করছে না। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকার মানুষ শনিবার বিক্ষোভ দেখান। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার।
ইটাহার গ্রাম পঞ্চায়েতের ঘেরা মোড় থেকে সোহাইর উত্তরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তার মেরামত শুরু হয়েছে। রাস্তাটি চাঁচল-ইটাহার রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকার লক্ষাধিক টাকা বরাদ্দ করে।
স্থানীয়দের বক্তব্য, ধুলোয় ভরা রাস্তা ঠিকভাবে পরিষ্কার না করেই পিচ দেওয়া হচ্ছে। ঠিকাদার সংস্থা সিডিউল মেনে রাস্তা সংস্কার করছে না। শুক্রবার রাস্তার কিছু অংশ পিচ দেওয়া হলেও শনিবার তা উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা সাহজামান আলি বলেন, হাত দিয়ে টানলেই পিচের আস্তরণ উঠে আসছে।
গ্রামবাসীর দাবি, নতুন পিচের রাস্তার উপর দিয়ে বাইক বা ছোট গাড়ি গেলেই পাথর উঠে আসছে। ফলে কয়েক দিনের মধ্যে রাস্তাটি বেহাল হয়ে যাবে। এদিন বাসিন্দারা নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। তাঁরা রাস্তার কাজ বন্ধ করে দেন। বিক্ষোভকারী কাজি রহমানের কথায়, কাজের মান খুবই খারাপ। সরকারের টাকা জলে যাচ্ছে। আমরা চাই, কাজের মান ভালো হোক।