


মুম্বই: রোহিতের অবসর নিয়ে জোর চর্চা চলছিল ক্রিকেট মহলে। অনেকে মনে করেছিলেন, লর্ডসেই শেষবার ভারতীয় জার্সিতে নামবেন তিনি। কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকিয়ে রোহিত প্রমাণ করেন, এখনও ফুরিয়ে যাইনি। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী বলেছেন, ‘রোহিতের নতুন করে প্রমাণের কিছু নেই। তবু ও সবাইকে চুপ করিয়ে দিয়েছে। ও দেশকে এত কিছু দিয়েছে। তারপরও ওর প্রসঙ্গে এমন গুজব ছড়ানোটা অসম্মানের। বিরক্তিকরও। আশা করব ভবিষ্যতে তারকাদের বিষয়ে মুখ খোলার আগে আরও সতর্ক থাকবেন সকলে।’
লর্ডসে ৮৪ বলে শতরান পূর্ণ করেন রোহিত। এটা তাঁর ওডিআই কেরিয়ারে ৩৪তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৭টি চার ও ৫টি ছক্কা সহ ১১০ বলে ১৩৮ রানের ইনিংস উপহার দেন। এই প্রসঙ্গে শাস্ত্রী আরও বলেন, ‘রোহিতের এখনও প্রচুর খিদে। তারজন্য কঠোর পরিশ্রম করে। তাই ও যতদিন খেলতে চাইবে সুযোগ দেওয়া উচিত। আর যখন ও সেরাটা দিতে পারবে না, নিজেই সরে দাঁড়াবে।’ উল্লেখ্য, টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে আগেও সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। এখন ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে ওডিআই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন হিটম্যান।