


লিসবন: ৪০ বছর বয়সেও প্রাণবন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ও দেশের জার্সিতে স্বমহিমায় খেলে চলেছেন পর্তুগিজ মহাতারকা। এখনই ফুটবলকে বিদায় জানানোর কোনও ভাবনা নেই সিআরসেভেনের। ২০২৬ বিশ্বকাপকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন তিনি। তবে মার্কিন মুলুকে আয়োজিত ফুটবল যুদ্ধের পর অবসরের পথে হাঁটতে পারেন রোনাল্ডো। তারপর কোচিংয়ে মনোনিবেশ করার সম্ভবনা রয়েছে। এমনটাই মনে করছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ রেনে মিউলেনস্টিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোনাল্ডোর মতো লিডার যে কোনও দলের সম্পদ। ওর উপস্থিতি যে কোনও ড্রেসিং-রুমের মধ্যে এক পজিটিভ আবহের সঞ্চার করে। একজন দক্ষ প্রশিক্ষকের যাবতীয় গুণ রয়েছে ওর মধ্যে। ম্যান ইউয়ে থাকাকালীন খুব কাছ থেকে ওকে দেখেছি। এমনকী, জাতীয় দলের হয়েও ওকে বরাবর দায়িত্বশীল দেখিয়েছে। ২০১৬ ইউরো কাপের ফাইনাল সকলের জানা। কীভাবে চোট পেয়ে মাঠ ছাড়ার পরেও সাইড লাইন থেকে সতীর্থদের উদ্দীপ্ত করে গিয়েছিল। একজন কোচ এই কাজটাই সফলভাবে করে থাকেন।’
রোনাল্ডো বরাবর বর্তমানে থাকতে ভালোবাসেন। এখনই ভবিষ্যৎ নিয়ে কোনওরকম চিন্তা ভাবনা নেই তাঁর। তবে পেশাদার ফুটবলের পাশাপাশি ব্যবসায় মন দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ইতিমধ্যেই বেশ কয়েকটি হোটেল রয়েছে তাঁর নামে। পাশাপাশি নিজের ব্র্যান্ডের জামাকাপড় ও সুগন্ধীর ব্যবসা রয়েছে পর্তুগিজ মহাতারকার। তবে তিনি যে ফুটবল থেকে দূরে থাকতে পারবেন না, অতীতে একাধিকবার নিজের মুখে সে কথা স্বীকার করেছেন সিআরসেভেন। তাই বুটজোড়া তুলে রাখার পর রোনাল্ডো কোচিংয়ে মনোনিবেশ করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে, আগামী ১৯ আগস্ট আল এতিহাদের বিরুদ্ধে সৌদি সুপার কাপের ম্যাচ দিয়ে নতুন মরশুমের অভিযান শুরু করবে আল নাসের। তিনদিন বাদে কিংস কাপ চ্যাম্পিয়নশিপে জেড্ডার মুখোমুখি হবে তারা। তারপর শুরু হবে সৌদি প্রো লিগ। রোনাল্ডো অবশ্য ক্লাব ফুটবলের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সের উপর অনেক বেশি মনঃসংযোগ করছেন। আগামী মাসে বিশ্বকাপের বাছাই পর্বের লড়াইয়ে নামবে পর্তুগাল। ৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আর্মেনিয়া। তিনদিন বাদে হাঙ্গেরির মুখোমুখি হবেন রোনাল্ডোরা। এছাড়া গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড। তাই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে খুব একটা সমস্যা হবে না রবার্তো মার্তিনেজ-ব্রিগেডের।