


লন্ডন: ফর্সা, সুদর্শন। উপচে পড়া গ্ল্যামার। সিক্স প্যাকের দোসর হাল ফ্যাশনের হেয়ারস্টাইল। মাঠের বাইরে হলিউড তারকার সঙ্গে পাল্লা দিতেই পারেন সিআরসেভেন। পর্তুগিজ মহাতারকাকে নিয়ে অনুরাগীদের আক্ষেপ মিটতে চলেছে। ৪১ বছরের রোনাল্ডো এবার ওয়েব সিরিজে। সেই খবর প্রকাশ্যে আসতেই ঝড় বইছে। ফুটবলের পাশাপাশি রোনাল্ডোর অভিনয় নিয়েও প্রবল চর্চা শুরু। বোঝাই যাচ্ছে, সিরিজ দিনের আলো দেখার আগেই আগ্রহ চরমে পৌঁছাবে। এর আগে হলিউডি তারকা ভিন ডিসেল জানিয়েছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজেও দেখা যাবে রোনাল্ডোকে। সবমিলিয়ে মেগাস্টারের সেকেন্ড ইনিংস নিয়ে সোশ্যাল সাইটে আগ্রহ তুঙ্গে।
ফুটবলের পাশাপাশি নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে সিআরসেভেনের। যার অন্যতম প্রযোজকও তিনি। চুঁইয়ে আসা খবর, ব্রিটিশ ফুটবল নিয়ে বাজার মাতাতে আসছে ওয়েব সিরিজ। সেখানেই অভিনয় করবেন মেগাস্টার। ফুটবল কেরিয়ারে দীর্ঘদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনাল্ডো। সেখানে থাকাকালীন তাঁর জীবন কেমন কেটেছে? ওয়েব সিরিজে একটা বড় অংশে তা দেখানো হবে। পাশাপাশি প্রাক্তন ফরাসি তারকা থিয়েরি অঁরিও এই ওয়েব সিরিজে অভিনয় করবেন। সবমিলিয়ে মশলা প্রচুর। এই প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, আমার কাছে বরাবরই নতুন কাজ আকর্ষণীয়। নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আশা করি অনুরাগীরা হতাশ হবেন না।’ সবমিলিয়ে রুপোলি পর্দায় রোনাল্ডোকে দেখতে তর সইছে না ভক্তদের। ফুটবল কেরিয়ার নিয়ে অবশ্য ধোঁয়াশা রাখছেন রোনাল্ডো। বিশ্বকাপের মাঝপথেই জানিয়েছিলেন এবার আন্তর্জাতিক ফুটবল ছাড়তে চলেছেন তিনি। স্পেনের কাছে হারের পর চোখের জলে মাঠ ছাড়েন তিনি। পর্তুগাল ইউরো জিতলেও বিশ্বকাপ তাঁর কাছে অধরাই। অনেকেরই ধারণা, জাতীয় দলের জার্সি খুলে রাখা স্রেফ সময়ের অপেক্ষা। যাই হোক, এরপর অবশ্য ফুটবল নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেননি তিনি। ক্লাব ফুটবলে ২০২৭ সাল পর্যন্ত আল নাসেরের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। সৌদি লিগে সিআরসেভেনই আকর্ষণের কেন্দ্রে।