


বেঙ্গালুরু: কয়েক বছর আগে কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ৭৮৫৯ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন। তা নিয়ে শোরগোল পড়েছিল ক্রিকেট মহলে। কারণ, আইপিএলের ইতিহাসে সেটাই ছিল সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই রেকর্ড ভাঙার মুখে। কারণ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানার হাতবদল ঘটতে চলেছে। বর্তমানে আরসিবি’র ফ্র্যাঞ্চাইজি রয়েছে ব্রিটেনের পানীয় প্রস্তুতকারী সংস্থা ডিয়াজিওর হাতে। তারা অনেক আগেই মালিকানা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। এই মুহূর্তে আরসিবি’র বাজার দর ১৮ হাজার কোটি। তবে যেভাবে একাধিক সংস্থা বিরাট কোহলিদের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, তাতে হাত বদলের অঙ্কটা কুড়ি হাজার কোটিও ছাড়াতে পারে।
একেবারে শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার্স এবং কোভিড টিকা প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের মালিক আদার পুনাওয়ালা আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু আকাশছোঁয়া দর দেখে পিছু হটেছেন পুনাওয়ালা। তবে দৌড়ে ঢুকে পড়েছে নতুন সংস্থা আদিত্য বিড়লা গোষ্ঠী। তারা এই লড়াই জেতার জন্য হাত মিলিয়েছে আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের সঙ্গে। শুধু আরসিবি নয়, তাদের নজরে রাজস্থান রয়্যালসও রয়েছে। অবশ্য মরু রাজ্যের ফ্র্যাঞ্চাইজিটি আপাতত মালিকানা বেচতে রাজি নয় বলে শোনা যাচ্ছে। কিন্তু আরসিবি’র মালিকানার হাতবদল শুধু সময়ের অপেক্ষা। মার্চের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে।
এই আবহে খেতাব ধরে রাখার জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেন রজত পাতিদাররা। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ আরসিবি ঘরের মাঠে খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে। আকর্ষণের কেন্দ্রে থাকবেন কোহলি। প্রস্তুতি ম্যাচে হারলেও ভিকে রান পাওয়ায় স্বস্তিতে অনুরাগীরা। ১২ বলে ২৯ করেন তিনি। আর কেকেআর ছেড়ে আরসিবি’তে যোগ দেওয়া বেঙ্কটেশও ৩০ রান করলেন। তবে ম্যাচ জিতলেন ক্রুণাল পান্ডিয়ারা। সর্বাধিক ৬৩ করেন দেবদূত পাদিক্কাল। ক্রুণাল (৫৮) নিজেও রান পেয়েছেন।