


তিনি রাজ্যপাট নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন চলতি বছর ডিসেম্বরে। তিনি অর্থাৎ শাহরুখ খান। তাঁর ‘কিং’ ছবির মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বরে। সম্প্রতি একটি টিজারের সঙ্গে এই ঘোষণা করেছেন খোদ শাহরুখ। কাস্টিং ঘোষণার পর থেকেই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। বাদশার জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল টিজার। ফের একটি টিজার দিয়ে ১১ মাস আগে জানিয়ে দেওয়া হল মুক্তির তারিখ। টিজারেই স্পষ্ট, ছবিজুড়ে ভরপুর অ্যাকশনে থাকবেন কিং খান। দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চনের মতো একাধিক তাবড় তারকা রয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে। তাঁদের চরিত্রের ঝলক এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতারা। শীঘ্রই তা সামনে আসবে বলে আশাবাদী অনুরাগীরা।