


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার ও সোমবার মিলিয়ে হাওড়া স্টেশন থেকে প্রায় ৯১ লক্ষ টাকা আটক করল আরপিএফ। পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। প্রথম ঘটনাটি ঘটে রবিবার রাতে। সন্দেহজনক গতিবিধি দেখে মহারাষ্ট্রের বাসিন্দা সুজিত কালে নামে এক যুবককে আটক করা হয়। তাঁর ব্যাগ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়। সোমবার ফের হাওড়া স্টেশন থেকে নীতেশকুমার গুপ্তা নামে আরও একজন যুবকের কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করে আরপিএফ। তাঁকেও গ্রেপ্তার করা হয়। নীতেশ ধানবাদের বাসিন্দা।
রবিবার রাতে নিউ কমপ্লেক্সে নিয়মমাফিক টহল দিচ্ছিলেন আরপিএফের গোয়েন্দারা। সেই সময় সুজিতের গতিবিধি তাঁদের নজরে আসে। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালাতেই বিপুল টাকা উদ্ধার হয়। মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা সুজিত। তাঁর দাবি, মুম্বই মেলে চেপে তিনি হাওড়ায় এসেছিলেন। গয়া টাউনশিপ এলাকায় তাঁর একটি দোকান রয়েছে বলেও জানান তিনি। কলকাতার বড়বাজার থেকে সোনা-রুপো কেনার জন্য ওই টাকা নিয়ে হাওড়ায় এসেছিলেন বলে আরপিএফকে জানিয়েছেন সুজিত।
তবে এই টাকার উৎস সংক্রান্ত কোনো কাগজপত্র বা নথি তিনি দেখাতে পারেননি। এরপর টাকা সহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই টাকা এবং সুজিতকে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও আরপিএফ যাত্রীদের কাছ থেকে বিপুল টাকা উদ্ধার করেছে। সম্প্রতি হাওড়া স্টেশনে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর ফলে নজরদারি আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।