


মুম্বই: টাকার দরে ফের পতন । বুধবার ডলারের তুলনায় ৭ পয়সা কমে ৯৫.৯৫ টাকায় থামল ভারতীয় মুদ্রার দাম। এদিন লেনদেনের শুরুতে দর প্রতি ডলারে ছিল ৯৫.৮৯ টাকা। আগের দিনের চেয়ে এদিন টাকার দাম কমে ৭ পয়সা। বাজার বন্ধের সময় দর ছিল ৯৫.৯৫ টাকা। বিশ্লেষকদের একাংশের মতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে শীঘ্রই। ওই সিদ্ধান্তের আগে ডলারের শক্তি বাড়ায় টাকার দর কমেছে। তাঁদের মতে, অপরিশোধিত তেলের চড়া দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধিও টাকার উপর চাপ তৈরি করেছে। তেলের দাম বাড়ায় আমদানিকারীদের মধ্যে ডলারের চাহিদা বেড়েছে।
তবে দেশের শেয়ারবাজারের ইতিবাচক পরিস্থিতি টাকার দরপতন কিছুটা সামাল দিয়েছে। আগের দিনের বড়োসড়ো পতনের পর বুধবার কিছুটা ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার। বিশ্লেষকদের অনুমান, কম দামে শেয়ার কেনার প্রবণতা বা ‘ভ্যালু বাইং’-এর জেরে সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৩৩২.৬৩ অঙ্ক বা ০.৪৫ শতাংশ বেড়ে ৭৪,৩৩৬.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে। জাতীয় স্টক এক্সচেঞ্জর সূচক নিফটি ৯৯ অঙ্ক ০.৪৩ শতাংশ বেড়ে ২৩,২১৭.৬ পয়েন্টে পৌঁছেছে।