


মস্কো: প্রায় চার বছর ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইতি টানতে তৎপর আমেরিকা। এনিয়ে প্রায়শই নিত্যনতুন দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমাঝে সামনে এল নয়া তথ্য। বৃহস্পতিবার ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর সঙ্গে কথা বলতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এনিয়ে ইউক্রেনের তরফে এপর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। জেলেনস্কি পুতিনের ডাকে সাড়া দিচ্ছেন কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয়।
তবে কূটনীতিকদের একাংশের কথায়, আমেরিকার মধ্যস্থতাতেই এবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় আবু ধাবিতে বৈঠকে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা। কিন্তু একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেন দু’পক্ষই কিছুটা সুর নরম করেছে। পরস্পর কোনও বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য শক্তি পরিকাঠামোয় হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও সেই খবরে দুই রাষ্ট্রপ্রধানের কেউই সিলমোহর দেননি।