


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের অদূরে লাল কাপড়ে ঢাকা বুক স্টল তৈরির কাজ শুরু করে দিল সিপিএম। আগামীকাল, বুধবার বুক স্টল উদ্বোধন করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত থাকবেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং অন্যান্য বাম নেতৃত্ব। কিন্তু এবার সিপিএমের ওই বুক স্টলের ঠিক পাশেই বিজেপিপন্থীদের আরও একটি স্টল থাকবে বলে খবর। এতদিন ওই চত্বরে পুজোর সময় সাধারণত তিনটি বইয়ের স্টল বসত। এবার সেই সংখ্যা বেড়ে হল চার।
দুর্গোত্সব-শারোদত্সবের বিতর্কের মাঝে সিপিএমের স্টলে লেখা হয়েছে ‘মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র’। সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত বলছিলেন, ‘আমাদের কাজ পুরো দমে এগোচ্ছে। সোমবারই স্টলে বই চলে আসবে। বুধবার উদ্বোধন হয়ে যাবে স্টল। এবছর কলকাতাজুড়ে মোট ১১৯টি বইয়ের স্টল হচ্ছে।’ তার মধ্যে যাদবপুর, বাগবাজার, কলেজ স্ট্রিটের মতো বুক স্টল বিমান বসু উদ্বোধন করবেন। যাদবপুরে এবছর বিজেপিপন্থীরাও একটি বইয়ের স্টল ঠিক সিপিএমের পাশেই দিচ্ছে বলে খবর। যদিও তা বিজেপির নামে হচ্ছে না বলেই জানা গিয়েছে। সাধারণত ওই চত্বরে সিপিএমের বইয়ের স্টলের পাশে সিপিআই (এমএল) লিবারেনের ছাত্র সংগঠন আইসা ও মানবাধিকার সংগঠন এপিডিআরের স্টল থাকত। সেদিক থেকে এবার চারটি স্টল থাকছে। সিপিএমের স্টলের অন্দর সাজানো হচ্ছে কীভাবে? সুদীপবাবু বলেন, ‘ক্যাম্পাসে ফ্যাসিবাদী আগ্রাসন বিষয়ের উপর ছাত্ররা একটি পোস্টার প্রতিযোগিতা করেছিল। সেই পোস্টারগুলোই স্টলের ভিতর রাখা হবে।’