


মুম্বই, ২৭ মার্চ: জল্পনার অবসান। দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করছেন সলমন খান। অভিনেতা নিজেই সেই খবরে সিলমোহর দিয়েছেন। তবে বাজেটের জন্য সেই সিনেমার কাজ আপাতত শুরু হয়নি বলেই জানিয়েছেন খোদ সলমন। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন পরিচালক অ্যাটলি। তারপরেই সলমনের সঙ্গে অ্যাটলির জুটি বাঁধার খবর রটে। পরে শোনা যায় প্রযোজকের আপত্তির জেরে সলমনের সঙ্গে কাজ করছেন না অ্যাটলি। যদিও সেই খবর সত্য নয় বলেই দাবি করলেন বলিউডের ‘ভাইজান’। গতকাল, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন বলেন, ‘অ্যাটলির সঙ্গে কাজ করছি। উনি একটি গল্প লিখেছেন, যেটি নিয়ে সিনেমা নির্মিত হবে। যাতে প্রচুর অ্যাকশন রয়েছে। সঙ্গে সিনেমাটির বাজেট অনেকটাই বেশি।
বাজেটের কারণেই সিনেমাটির শ্যুটিং শুরু হতে দেরি হচ্ছে। আমার সঙ্গে অ্যাটলির সিনেমায় অভিনয় করতে পারেন কমল হাসান স্যার কিংবা রজনীকান্ত স্যার।’ ‘জওয়ান’-এর ব্যাপক সাফল্যের পর অ্যাটলির সঙ্গে কাজ করতে চাইছেন সকল প্রযোজকরা। বক্স অফিসে শাহরুখ অভিনীত ও অ্যাটলি পরিচালিত সিনেমাটি ১১৫০ কোটি টাকা আয় করে। অপরদিকে কয়েকদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল সঞ্জয় দত্তের সঙ্গে জুটি বাঁধছেন সল্লু।
সেই খবরেও সিলমোহর দিয়েছেন সলমন। সিনেমাটি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার হবে বলেই নিশ্চিত করেছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘সিকান্দার-এর পর আরও একটি অ্যাকশনধর্মী সিনেমার শ্যুটিং শুরু করব। সেই সিনেমাতে থাকবেন আমার বড় ভাই সঞ্জয় দত্তও।’ সলমন আপাতত ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘সিকান্দার’-এর প্রমোশন নিয়ে। আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।