


চেন্নাই: সঞ্জু স্যামসন বনাম ঋষভ পন্থ। অন্যদিকে মিচেল মার্শ ভার্সেস জেমি ওভারটন। রবিবার চেন্নাইয়ের চিপকে ম্যাচ জমানোর সব মশলা মজুত। চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। টেবিলের লাস্ট বয়দের হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখতে মরিয়া চেন্নাই। স্লো টার্নার চরিত্র বদলে চিপকের ২২ গজ ব্যাটারদের স্বর্গ। বিশেষজ্ঞদের অনুমান, রানের ঝড় উঠতেই পারে।
চলতি আইপিএলে একটিও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি। কবে মাঠে নামবেন চেন্নাইয়ের ‘থালা?’ প্রতি ম্যাচের আগে অবধারিত প্রশ্ন ওঠে। লখনউয়ের বিরুদ্ধেও যথারীতি অনিশ্চিত মাহি। দ্য ইয়েলো আর্মির ব্যাটিং সঞ্জু স্যামসনের উপর অনেকটা নির্ভরশীল। ঋতুরাজ গায়কোয়াড় ধারাবাহিকতার অভাবে ভুগছেন। মিডল অর্ডারে উরভিল প্যাটেল ও তরুণ ব্যাটার কার্তিক শর্মার দিকে তাকিয়ে ম্যানেজমেন্ট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝোড়ো ৪১ রান করেছিলেন কার্তিক। তুলানয় লখনউয়ের ব্যাটিং তারকাসমৃদ্ধ। কিন্তু ২৭ কোটির পন্থ কবে বড় রান পাবেন কেউ জানে না। মিচেল মার্শ আরসিবি’র বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাকে দ্রুত ফেরাতে চাইবে চেন্নাই। মার্করাম ও নিকোলাস পুরানও খেলা ঘোরাবার ক্ষমতা রাখেন। এক্ষেত্রে নূর আহমেদের স্পিন ফ্যাক্টর হতে পারে। লখনউয়ের দুই স্পিডস্টার মহম্মদ সামি ও প্রিন্স যাদবও চেন্নাইয়ের পরীক্ষা নিতে তৈরি।