


মুম্বই, ২৮ জুলাই: আগস্টে ভারতের শ্রীলঙ্কা সফর। সেই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে দু’টি টেস্ট খেলবেন শুভমনরা। চোটের জন্য এই মুহূর্তে রিহ্যাবে আছেন দেশের একনম্বর জোরে বোলার জসপ্রিত বুমরা। যদিও তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তবে বিসিসিআই সূত্রে খবর, এই সফরের আগে বুমরাকে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে। চোটের জন্য দলের বাইরে রয়েছেন সাই সুদর্শনও। তাকেও রাখা হয়েছে দলে। কিন্তু এই বাঁ হাতি ব্যাটারের ক্ষেত্রেও থাকছে একই শর্ত। তাকেও বিসিসিআইয়ের এক্সেলেন্স সেন্টারে গিয়ে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। চোটের জন্য সিরিজ থেকে বাদ পড়েছেন হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডি। একই কারণে প্রথম টেস্টে দলে থাকছেন না ওয়াশিংটন সুন্দর। তবে দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলে রাখা হয়েছে। অন্যদিকে চোট সারিয়ে দীর্ঘদিন বাদে দলে ফিরছেন রবীন্দ্র জাদেজা। আইপিএলে চোট পেয়েছিলেন জাদেজা।
তবে আজকের দল নির্বাচনে সবথেকে বড় চমক স্পিন অলরাউন্ডার সারাংশ জৈনের অন্তর্ভুক্তি। এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ৫৪ টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৮১ উইকেট রয়েছে সারাংশের নামের পাশে। ৮৫টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২,২২৩ রান। অন্যদিকে বুমরা যদি শেষ পর্যন্ত এই সিরিজে খেলতে না পারেন তাহলে পেস অ্যাটাকের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ। তার সঙ্গে থাকবেন প্রসিধ কৃষ্ণা এবং গুরনুর ব্রার। একদিনের দলের হয়ে দারুণ ফর্মে ছিলেন গুরনুর। সেই পারফর্মেন্সের জোরেই টেস্ট দলে ডাক পেলেন তিনি। এছাড়াও স্পিন বিভাগে ডাক পেয়েছেন কুলদীপ যাদব এবং মানব সুতার। বোলিং লাইন আপ নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেও ব্যাটিং নিয়ে খুব একটা গবেষণা করেননি নির্বাচকরা। শুভমান গিল ছাড়া দলে রয়েছেন কেএল রাহুল, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থরা।
দেখে নেওয়া যাক কারা কারা সুযোগ পেলেন টেস্ট দলে:
শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদূত পাদিক্কল, সারাংশ জৈন
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্ট ১৫ই আগস্ট খেলবে ভারত। ২৩শে আগস্ট কলম্বোয় রয়েছে দ্বিতীয় টেস্ট।