


নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর থেকেই একাধিক ভুয়ো দাবিকে ঢাল করে নিজেদের জয়ের কথা প্রচার করে চলেছে পাকিস্তান। আসরে নেমেছেন সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রী। এরইমাঝে বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির উপগ্রহ চিত্রে প্রসঙ্গ টেনে পাকিস্তানকে কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের আক্রমণে উপগ্রহ চিত্রে পাকিস্তানের ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্টই ধরা পড়েছে। এই বিষয়টি উল্লেখ করে জয়শঙ্করের বক্রোক্তি, ‘উপগ্রহ চিত্রই স্পষ্ট করে দিয়েছে কে বেশি ক্ষতিগ্রস্ত। কে বাধ্য হয়ে যুদ্ধবিরতির ডাক দিয়েছিল’। এদিন জয়শঙ্কর বলেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করাই লক্ষ্য ছিল ভারতের। তা সফলভাবে করেছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের শুরুতে পাক সেনাকে নাক গলাতে বারণ করা হয়েছিল। তাদের কাছে বিকল্প ছিল। চাইলেই এই অভিযান থেকে দূরে থাকতে পারত তারা। কিন্তু সুপরামর্শ শোনেনি। আর তারই ফল ভুগতে হয়েছে। ভারতের অভিযানে পাকিস্তানের ১১টি সেনাঘাঁটি বিপর্যস্ত হওয়ার পর বাধ্য হয়ে যুদ্ধবিরতির আবেদন জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আসলে তাদের কাছে আর কোনও পথ ছিল না। ভয়ে যুদ্ধবিরতি চেয়েছিল পাকিস্তান সরকার।