


সিয়াটল: বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট খুইয়ে চাপে বেলজিয়াম। সোমবার মিশরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে তারা। তার জেরে গ্রুপ জি’ থেকে পরের রাউন্ডে যাওয়ার পথ কিছুটা হলেও কঠিন হল কেভিন ডি’ব্রুইনদের। এমন পরিস্থিতিতে পরের ম্যাচে ইরানের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছেন না বেলজিয়ামের কোচ। রুডি গার্সিয়ার মন্তব্য, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সর্বদাই কঠিন। তবে অস্বীকারের জায়গা নেই, প্রথমার্ধে আমরা খারাপ খেলেছি। এখন পরের রাউন্ডে যেতে হলে পরের ম্যাচে ইরানকে হারাতেই হবে।’ উল্লেখ্য, আগামী ২১ জুন দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে বেলজিয়াম।
সোমবার প্রথমার্ধে ২০ মিনিটেই পিছিয়ে পড়ে বেলজিয়াম। তবে ৬৬ মিনিটে মহম্মদ হ্যানির আত্মঘাতী গোলে সমতা ফেরায় রুডির দল। তাতে অবদান রয়েছে লুকাকুরও। বদলি হিসেবে নামা এই স্ট্রাইকারের চাপের মুখেই আসে গোল। এই প্রসঙ্গে রুডি গার্সিয়ার সংযোজন, ‘লুকাকুর মতো অভিজ্ঞ স্ট্রাইকার যে কোনো দলের কাছে সম্পদ। তবে ও এখনও শুরু থেকে খেলার জন্য ফিট নয়।’
এদিকে, বিশ্বকাপের প্রথম হারের পরই কোচ ছাঁটাইয়ের পথে হেঁটেছিল তিউনিসিয়া। মঙ্গলবার তাদের নতুন কোচ হলেন হার্ভে রেনার্ড।