


বেঙ্গালুরু: হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছে দক্ষিণী রাজ্যগুলি। সদ্য কন্নড় ভাষাকে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী সোনু নিগমের বিরুদ্ধে। এই আবহে ফের মাথাচাড়া দিল কন্নড় বিতর্ক। এবার সমালোচনার মুখে পড়েছেন এসবিআই-এর এক ব্রাঞ্চ ম্যানেজার। কখনওই কন্নড় ভাষায় কথা বলবেন না বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ব্রাঞ্চ ম্যানেজারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও। ঘটনাটি বেঙ্গালুরুর সূর্যনগর ব্রাঞ্চের। সেখানে এক গ্রাহকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ব্রাঞ্চ ম্যানেজার। তখনই তাঁকে কন্নড় ভাষায় কথা বলার জন্য অনুরোধ করেন ওই গ্রাহক। জবাবে তিনি বলেন, ‘কখনওই কন্নড় ভাষায় কথা বলব না। আমি কী করব বা না করব, সেটা বলে দেওয়ার আপনি কেউ নন। আপনি আমাকে চাকরি দেননি। কোথায় লেখা রয়েছে, আমাকে কন্নড় বলতেই হবে।’ উত্তরে গ্রাহক জানান, ‘আপনি কর্ণাটকে দাঁড়িয়ে রয়েছেন।’ পাশাপাশি স্থানীয় ভাষার প্রতি সম্মান জানানোর প্রসঙ্গে আরবিআই-এর গাইড লাইনও উল্লেখ করেন ওই গ্রাহক। প্রত্যুত্তরে ব্যাঙ্কের আধিকারিক বলেন, ‘এটা ভারত।’ ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। তারপরই ব্রাঞ্চ ম্যানেজারকে সরিয়ে দেয় ব্যাঙ্ক।