


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সোমবার শুরু সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথম দিন থেকেই সংসদে বিরোধীরা ঝড় তুলবে বলেই রাজনৈতিক সূত্রে খবর। সরকার এবারের অধিবেশনে ‘ওয়াকফ সংশোধনী বিল’ পাশ করাতে চায়। আর বিরোধীরা সেটি প্রবলভাবে আটকাতেই তৈরি হচ্ছে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই বিলকে আইনে পরিণত করে ওয়াকফের জমি দখল করতে চায়। বিরোধীদের লিখিত আপত্তি সত্ত্বেও সংসদীয় যৌথ কমিটি সরকারকে নানাবিধ সুপারিশ করেছে। যার অনেকাংশই গ্রহণ করে সম্প্রতি সংশোধিত বিলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশও হয়েছে। এবার সংসদের সিলমোহর লাগাতে চান মোদি। মোদি সরকারকে আক্রমণ তথা চেপে ধরার কৌশল ঠিক করতে আজ সন্ধ্যায় কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বসছে দলের বিশেষ বৈঠক।
আজ সংসদে কেন্দ্রশাসিত মণিপুর সংক্রান্ত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কুকি আর মেইতেই, দুই গোষ্ঠীর সংঘর্ষ রুখতে ব্যর্থ হয়েছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। তাই প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল করে পাঠানোর পরেই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংক্রান্ত বিজ্ঞপ্তির কথা সংসদে পেশ করবেন। একইভাবে নির্মলা সীতারামন পেশ করবেন মণিপুর বাজেট।
একইভাবে তৃণমূল কংগ্রেস ভূতুড়ে ভোটার কার্ড ইস্যুতে সংসদের দুই কক্ষেই সরব হবে। এ ব্যাপারে মোদি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে একাট্টাও করেছে তারা। সেই মতো বিরোধীদের পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব, জিরো আওয়ার, শর্ট ডিউরেশন ডিসকাশন সহ সংসদীয় বিধি মেনে যা যা পথ খোলা আছে, সেই রাস্তা নেবে বলে জানা গিয়েছে। ডুপ্লিকেট ভোটার কার্ড ইস্যুতে সংসদে সরকারকে সম্মিলিতভাবে বিরোধীরা চেপে ধরবে বলেই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। জাতীয় শিক্ষা নীতিতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সংসদে সরব হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক ইস্যুও সংসদে উঠবে।