


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশের মাঝে বামফ্রন্টের অন্দরে চাপানউতোর চলছেই। প্রথম দফার তালিকা প্রকাশের পর বেঁকে বসেছিল ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশের দিন সেই সংঘাত চরমে পৌঁছাল। এদিন বামফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিল না ফরওয়ার্ড ব্লক। সাংবাদিক সম্মেলনেও থাকেননি দলের নেতারা। আর উল্লেখযোগ্য বিষয়, এদিন প্রকাশিত ৩২ জন প্রার্থীর মধ্যেও ফরওয়ার্ড ব্লক নেই। উলটে এই শরিক দলের চাওয়া আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিএম। পাশাপাশি, সিপিআই(এমএল) লিবারেশনের প্রকাশিত প্রার্থী তালিকার ভরতপুর নিয়েও ক্ষুব্ধ আরএসপি। এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘লিবারেশন ও আইএসএফের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত পর্যায়ে আছি।’ যদিও লিবারেশন রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার বলেন, ‘ঘোষিত আসন নিয়ে উষ্মা প্রকাশ করে আমাদের কিছুই বলা হয়নি।’
এদিনের সাংবাদিক সম্মেলনে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকেননি বিমান বসু। তালিকা ঘোষণা করেন মিহির বাইন। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই ফরওয়ার্ড ব্লক চিঠি দিয়ে বলে, তাদের চাওয়া বেশ কয়েকটি কেন্দ্রে সিপিএম প্রার্থী ঘোষণা করেছে। ৭টি কেন্দ্রে তারা প্রার্থীর নাম পরে জানানোর কথা বলেছিল। কিন্তু সেই কেন্দ্রগুলোর মধ্যে এদিন রানিনগরে প্রার্থী ঘোষণা করে সিপিএম। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘আগেরবার আমাকে বসিয়ে একতরফা প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই আমি এদিন থাকিনি। আলোচনা চলবে।’ এই বিষয়ে আলিমুদ্দিন আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চায়নি। তবে সংঘাতের আবহ ভালোভাবে দেখছে না বড়ো শরিক সিপিএম, খবর এমনটাই।