


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শোরগোল ফেলা পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার দ্বিতীয় পর্যায়ের সওয়াল শুরু হচ্ছে ১১ এপ্রিল। মামলার সহকারী সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তী বৃহস্পতিবার এই খবর জানান। তিনি বলেন, ইতিমধ্যে এই মামলায় ৪৭ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এরপরই দ্বিতীয় পর্যায়ের সওয়ালপর্বের দিন ধার্য করেছে আদালত। বর্তমানে মামলার বিচার চলছে কলকাতার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টে। সেখানেই চলছিল বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যদান।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিটের একটি নাইট ক্লাবের বাইরে থেকে গাড়িতে তুলে নিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই মামলায় পরবর্তী সময় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় কলকাতা নগর দায়রা আদালত। প্রত্যেকের দশ বছর করে সাজা হয়। ওই ঘটনায় তিনজন পলাতক ছিল। পরে পুলিস দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের একজন কাদের খান, অন্যজন হল মহম্মদ আলি। পরবর্তী সময়ে শুরু হয় মূল মামলার বিচার।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় ২০১৫ সালের ১৩ মার্চ অভিযোগকারিণী মহিলা মৃত্যু হয় অসুস্থ হয়ে। ফলে তাঁকে বাদ দিয়েই শুরু হয় দ্বিতীয় পর্যায়ের এই মামলার শুনানি। যদিও সরকার পক্ষ থেকে আগের দেওয়া সাক্ষ্যকেই মামলায় অন্তভুক্ত করার আর্জি জানানো হয়। তা নিয়ে তীব্র আপত্তি জানান অভিযুক্তের পক্ষের কৌঁসুলিরা। বিষয়টি নিয়ে উচ্চ আদালতেও দীর্ঘ শুনানি হয়। তারই মধ্যে কলকাতার বিচারভবনে চলা এই মামলায় সওয়ালপর্বের দিন ধার্য করেছে আদালত।