


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেরাই যাচাই করে নিতে পারবে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য। সেই তথ্যে কোনও ভুল থাকলে অনলাইনেই তা সংশোধন করার সুযোগ পাবে তারা। এই প্রথমবার মধ্যশিক্ষা পর্ষদ সরাসরি পরীক্ষার্থীদের এই সুযোগ দিল। পর্ষদ এটিকে বলছে প্রি এনরোলমেন্ট ভেরিফিকেশন। এবছর এর আগে স্কুলগুলিকে পাঁচবার তথ্য সংশোধনের সুযোগ দিয়েছে পর্ষদ। তারপরেও যাতে কোনও ভুলভ্রান্তি না থাকে, তার জন্য এবার সরাসরি পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হল। গতবছর মাধ্যমিক পরীক্ষার দু-দিন আগে ১১৫টি স্কুল তাদের পড়ুয়াদের নানা ভুলভ্রান্তি সংশোধন করে। এতে পর্ষদের চরম ভোগান্তি হয়। সেই কারণেই পাঁচবার সুযোগ দেওয়ার পরেও এই অভিনব ব্যবস্থা চালু করা হল। http://students.wbbsedata.com-এ ঢুকে ছাত্রছাত্রীরা ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সংশোধন করতে পারবে। আর স্কুলের জন্য লগইন খোলা থাকবে ৮ থেকে ১৭ অক্টোবর।