


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সার্থক করতে প্রতিটি রাজ্যের এগিয়ে আসা জরুরি। এদিকে পূর্ব ভারতের বিকাশের ক্ষেত্রে দেশবাসীর নজর সেই কলকাতা তথা বাংলার দিকেই। তাই বিকশিত বাংলা ছাড়া আদৌ সম্ভব নয় বিকশিত ভারত। রাজনৈতিক পালাবদলের পর এরাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরবে, এমনই আশা ব্যবসায়ীদের। তাঁদের কথায়, সরকার এবং বিনিয়োগকারীরা যদি একযোগে এগিয়ে আসেন, তাহলে বাংলার ভোল বদল সম্ভব। কীভাবে তৈরি হবে বাংলার উত্তরণের পথ? সেই উত্তর খুঁজতেই শহরে বসছে আলোচনাসভা। বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলনে বিকশিত বাংলার আগামী অবস্থানকেই তুলে ধরা হবে। কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক আড্ডি বলেন, প্রায় ৫০ বছর পিছিয়ে থাকা বাংলাকে এগোতে হবে অতিদ্রুত গতিতে। তা সম্ভব শিল্পমহল, সরকারের শীর্ষস্তর এবং আমলাদের মধ্যে সমন্বয়ে। পাশাপাশি নতুন প্রজন্ম যতক্ষণ না ব্যবসামুখী হচ্ছে, ততক্ষণ শিল্পেও সর্বশক্তিমান হওয়া সম্ভব নয়।
অভিষেকবাবুর মতে, পারিবারিক ব্যবসা থাকা সত্ত্বেও, নতুন প্রজন্মের অনেকেই ব্যবসা বিমুখ। তাদের ব্যবসায় ফেরানো জরুরি। এই প্রজন্মের সঙ্গে যদি ব্যবসা বা শিল্পের আত্মিক যোগসূত্র স্থাপন করা যায়, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে ব্যবসায় আগ্রহ বাড়ানো যায়, তাহলেই তারা ব্যবসায় ফিরতে পারে। আগামী ২২ আগস্ট, শনিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যে আলোচনাসভা বসবে, সেই পরিসরেই পারস্পরিক মত বিনিময়ের সুযোগ থাকবে নতুন প্রজন্মের কাছে। মূল আলোচনায় উপস্থিত থাকার কথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ শমীক ভট্টাচার্য, প্রফুল্ল প্যাটেল-সহ বিশিষ্ট ব্যক্তিদের।