


ওয়াশিংটন, ১ জুন: অবসর ভেঙে ফের টেনিসের কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস। কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা।
আগামী ৮ জুন থেকে লন্ডনের ওয়েস্ট কিংসটনে শুরু হচ্ছে কুইনস ক্লাব চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ডাবলস ইভেন্টে খেলতে নামছেন ৪৪ বছর বয়সি এই মার্কিন কিংবদন্তি। আয়োজকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে টেনিসের ‘রানীর’ প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইস্টাগ্রামে প্র্যাক্টিসের ভিভিও পোস্ট করেছেন সেরেনা। সেইসঙ্গে লিখেছেন, ‘আমাকে সংখ্যাটা বদলাতে হবে।’ ‘আশা করছি সবাই খবরটা জেনে গিয়েছেন,’ যোগ করেন তিনি।
২০২২ সাল। ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন সেরিনা উইলিয়ামস। যাঁর ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। চার বছর পরে পেশাদার টেনিসে ফিরছেন তিনি। সেরিনার প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হতে চলেছে।