


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, শুক্রবার এসআইআরের প্রথম ‘বিচারাধীন’ তালিকা প্রকাশিত হবে। তার আগেই ‘বিচারাধীন’ যাবতীয় বিতর্কের নিষ্পত্তি হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, সোনারপুর দক্ষিণ, যাদবপুরের মতো কেন্দ্রেও এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে। এদিকে, জেলায় ‘বিচারাধীন’ পাঁচ লক্ষ ভোটারের মধ্যে পৌঁনে দু’ লক্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। শুক্রবার তালিকা বেরলেই বোঝা যাবে, কতজনের নাম থাকল, আর কারা বাদ গেলেন।
ফলতায় সাত হাজারের কিছু বেশি ভোটার ‘বিচারাধীন’ ছিলেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করতে নিযুক্ত করা হয়েছিল এক বিচারককে। তিন সপ্তাহের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করে ফেলেছেন তিনি। জেলা সূত্রে খবর, এই প্রক্রিয়ায় খুব বেশি নাম বাদ যায়নি। এদিকে, যাদবপুরে পুরো প্রক্রিয়া গুটিয়ে আনতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। গোসাবা, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জের মতো কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা অন্য কেন্দ্রের তুলনায় অনেকটাই কম। জেলা প্রশাসনের আশা, এইসব কেন্দ্রে আগামী সাত-দশদিনের মধ্যে নিষ্পত্তির কাজ শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, রোজই শতাধিক আবেদনের নিষ্পত্তি করছেন বিচারকরা। এভাবে চললে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ‘বিচারাধীন’ ভোটারদের ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে যাবে।