


নয়াদিল্লি, ১৮ মার্চ: যাওয়ার কথা ছিল চীন। কিন্তু মাঝ পথ থেকে হঠাৎ গন্তব্য বদল অন্তত সাতটি রাশিয়ান তেলের ট্যাংকারের। দক্ষিণ চীন সাগর থেকে কার্যত ১৮০ ডিগ্রি মোড় নিয়ে সেগুলি ভারতে আসছে বলে জানা গিয়েছে।
এমনই একটি তেলেবাহী জাহাজের নাম অ্যারোয়া টাইটান। সব ঠিক থাকলে মাঝারি আকারের এই তেলের ট্যাংকারটি আগামী ২১ মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরে নোঙর করবে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে তেল কেনা দ্বিগুণ করেছে ভারত। যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গত জানুয়ারির শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে তেল নিয়ে যাত্রা শুরু করেছিল অ্যাকোয়া টাইটান। রাডারে গন্তব্য দেখাচ্ছিল চীনের রিঝাও বন্দর। কিন্তু মার্চের মাঝামাঝি মুখ ভারতের দিকে ঘুরিয়ে নেয় জাহাজটি। এর কয়েক দিন আগেই রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে সাময়িক সবুজ সংকেত দিয়েছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার।