


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আজ শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঝাড়গ্রামের দুধকুণ্ডি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাজ পড়ে গুরুতর জখম হলেন মোট ৭ জন। পাশাপাশি একইসঙ্গে বজ্রপাতে মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর। আহতদের মধ্যে শিশির মাহাত নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ সকালে দুধকুণ্ডি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখারা গ্রামের ৬ জন মহিলা ও একজন পুরুষ গ্রাম সংলগ্ন জমিতে গবাদি পশু চরাতে যান। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ সেখানে আচমকাই বাজ পড়ে। বজ্রপাতের অভিঘাতে সাতজনই মাটিতে ছিটকে পড়েন। পাশাপাশি ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেক গবাদি পশুর। বাজ পড়ার খবর পেয়ে দ্রুত জমিতে ছুটে যান স্থানীয়রা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। গুরুতর জখম হওয়া ওই যুবককে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি একাধিক গবাদিপশু মারা যাওয়ায় চিন্তায় গ্রামবাসীরা।