


• ‘ব্যাডস অব বলিউড’-এ বলিউডের হাত ধরে চর্চার কেন্দ্রে শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রথম সিরিজেই বলিউডের অভ্যন্তরে উঁকি দিয়ে শোরগোল ফেলেছেন তিনি। এবার আরিয়ানের হাতেখড়ি হচ্ছে সিনেমা পরিচালনায়। ইতিমধ্যে দ্বিতীয় কাজ অর্থ্যাৎ প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবির পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি। তবে চমক অন্যত্র। শোনা যাচ্ছে, এছাড়াও আরও একটি সিনেমা পরিচালনা করবেন আরিয়ান। সেই ছবিতে অভিনয় করবেন তাঁর বাবা শাহরুখ খান। এর আগে আরিয়ানের সিরিজে অভিনয় করেছেন শাহরুখ। তবে সেটি ক্যামিও চরিত্র। এবার বাবাকে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে পরিচালনা করার সুযোগ পাচ্ছেন আরিয়ান। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ততদিন নিজের প্রথম ফিচার ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আরিয়ান। অন্যকাজে ব্যস্ত শাহরুখও। সদ্য ঘোষণা হয়েছে তাঁর পরের ছবি ‘কিং’। ২০২৬ সালে এই ছবি আসছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে শাহরুখকে। এছাড়াও ডেবিউ করছেন তাঁর কন্যা সুহানা খান। রয়েছেন রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন সহ আরও অনেকে।