


কাঁচা-পাক চুল। কালো পোশাকে দূরে দাঁড়িয়ে শাহরুখ খান। ছবিতেই স্পষ্ট আসন্ন ‘কিং’ ছবিতে এমন লুকেই ধরা দেবেন কিং খান। তবে টিজার বা সিনেমা মুক্তির আগে এমন লুক ছড়িয়ে পড়া কতটা যুক্তিযুক্ত? লুকটির পাশাপাশি ঝড়ের গতিতে ভাইরাল হয় এই প্রশ্নও। এবার মুখ খুললেন শাহরুখের টিমের সদস্যরা। লুক ছবিতেই দেখুন, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কোনও ভিডিওতে নয়। শনিবার এই আর্জি করলেন নির্মাতারা। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সেই বক্তব্য শেয়ার করে একই অনুরোধ জানিয়েছেন অনুরাগীদের। টিমের তরফে বার্তায় লেখা হয়েছে, ‘যতক্ষণ না শাহরুখ বা প্রযোজনা সংস্থার তরফে ‘কিং’ ছবির লুক প্রকাশ্যে আনা হচ্ছে, ততদিন ম্যাজিক জিইয়ে রাখার চেষ্টা করুন। প্রকাশ্যে এলেই না হয় সকলে মিলে আনন্দ করবেন।’ ঘোষণার পর থেকেই ‘কিং’ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। ছবিটি এআই নির্মিত কি না, প্রশ্ন উঠছে তা নিয়েও।
দীপিকা পাড়ুকোন থেকে রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, সুহানা খান, অভয় ভার্মার মতো বলিউডের একাধিক তারকা যোগ দিয়েছেন ছবিতে। ফলে আগামী বছর যে এই ছবির হাত ধরে শাহরুখ খান বক্স অফিসে ঝড় তুলবেন, তা এখন থেকেই একপ্রকার স্পষ্ট।