


নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোটারদের টাকা বিলির অভিযোগ উঠল নন্দীগ্রামের তৃণমূল নেতা তৃণমূল নেতা শেখ সুপিয়ানের জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তের নাম শেখ হাবিবুল। গতকাল রাতে নন্দীগ্রাম থানার মহম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, মঙ্গলবার তাঁকে হলদিয়া এসিজেএম আদালতে তোলা হয়।
অভিযুক্ত শেখ হাবিবুল মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। গতকাল রাতে মহম্মদপুরে তাঁকে ঘিরে ফেলে বিজেপির লোকজন। অভিযোগ করা হয়, রাতের অন্ধকারে গ্রামবাসীদের টাকা বিলি করছিলেন এই তৃণমূল নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা সরগরম হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রেপ্তার করা হয় হাবিবুলকে। যদিও তাঁর কাছ থেকে কোনো নগদ অর্থ উদ্ধার হয়নি। নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন হাবিবুল। তিনি বলেন, ‘ভোটের আগে আমাকে ফাঁসানো হয়েছে। বিজেপি হেরে যাওয়ার ভয়ে এসব করছে।’