


টেক্সাস, ১ মার্চ: পানশালায় চলল গুলি। মৃত্যু হল ৩ জনের। জখম আরও ১৪ জন। সেদেশের পুলিশ জানিয়েছে টেক্সাসের একটি পানশালায় আচমকাই এক বন্দুকবাজ ঢুকে পড়ে। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। খবর পেয়েই তড়িঘড়ি অকুস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ৩ জনের। গুলির আঘাতে জখম হয়েছেন একাধিক মানুষ। এরপর আততায়ীর সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। শেষে পুলিশের চালানো গুলিতে মৃত্যু হয় বন্দুকবাজের।
ইতিমধ্যেই পানশালা থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে এই হামলা সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না টেক্সাসের পুলিশ। শুরু হয়েছে তদন্ত।