


টরেন্টো, ১২ জুলাই: কানাডার টরেন্টোয় লাতিন ফেস্টিভাল চলাকালীন প্রকাশ্য রাস্তায় চলল গুলি। মৃত্যু হল ২ জনের। জখম আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে সেন্ট ক্লেয়ার স্ট্রিটে একটি সালসা অনুষ্ঠান চলাকালীন। পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আচমকাই এক বন্দুকবাজ সেখানে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে প্রাণভয়ে সেখানে থাকা সকলেই দৌড়তে শুরু করেন। ততক্ষণে গুলিবিদ্ধ হয়েছেন মোট ৮ জন। তাঁদের মধ্যে অকুস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকি ৫ জনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
অন্যদিকে, অনুষ্ঠানে বন্দুকবাজের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে ফেলা হয়। ততক্ষণে অবশ্য আততায়ী চম্পট দিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজও। বন্দুকবাজ একা ছিল না কী তার সঙ্গে আরও কেউ ছিল সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া জঙ্গি যোগ রয়েছে কী না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। আপাতত ওই স্থান থেকে দূরে থাকার জন্য সাধারণদের অনুরোধও করা হয়েছে। উল্লেখ্য, লাতিন সংস্কৃতিতে সালসা অন সেন্ট ক্লেয়ার এই উৎসবটি গত ২২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বার্ষিক এই উৎসবে প্রচুর মানুষ সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করে থাকেন। পূর্ব সূচি অনুযায়ী চলতি বছর ১১ এবং ১২ জুলাই এই লাতিন ফেস্টিভ্যাল টরন্টোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।