


সংবাদদাতা, খড়্গপুর: পুজোর আগেই খড়্গপুর শহরে দিনেদুপুরে শ্যুটআউটকে ঘিরে চাঞ্চল্য! গুলিবিদ্ধ নবম শ্রেণীর এক ছাত্র। বছর পনেরোর ওই ছাত্রের নাম অক্ষয় ঝাঁ। আজ, বুধবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিন সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের গিরি ময়দান স্টেশন সংলগ্ন ওল্ড সেটেলমেন্ট এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানিয়েছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ৫-৬টি দলের টিম গঠন করে অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাগরকুমার রাও নামে এক যুবকের স্কুটিতে বসে অক্ষয় টিফিন করতে বেরিয়েছিল। সেই সময়ই দু'জন দুষ্কৃতী এসে তাদের লক্ষ্য করে আচমকাই ২ রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম হয় স্কুটির পেছনে বসে থাকা অক্ষয়। তার বুকের ঠিক উপরে কাঁধের কাছে গুলি লাগে। দ্রুত অক্ষয়কে উদ্ধার করে খড়গপুর রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপর সাগরকুমার নামে ওই যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অক্ষয় নয় বরং সাগরকেই লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য তাদের টার্গেট মিস হয়! ঘটনার পিছনে পুরোনো কোন বিবাদ থাকতে পারে বলেও পুলিশের অনুমান।
ঘটনায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, তদন্ত স্বার্থে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তরা কেউ রেহাই পাবে না! দ্রুত ঘটনার কিনারা করা হবে। এদিকে পুজোর আগেই শহরে শ্যুটআউটের ঘটনাকে ঘিরে রেল শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।