


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৯ সাল থেকে সম্পত্তি করের টাকা বকেয়া! ট্যাক্স জমা পড়েনি। এই পরিস্থিতিতে রিজেন্ট পার্ক অঞ্চলের একটি দোকান সিল করে দিল কলকাতা পুরসভা। পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগের কর্তাদের দাবি, বকেয়া করের পরিমাণ যে বিশাল, তেমনটি নয়। আসলে সংশ্লিষ্ট করদাতার ট্যাক্স প্রদানের মানসিকতাই নেই। তাই বাধ্য হয়ে তাঁর দোকানে তালা ঝোলানো হয়েছে। কলকাতা পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার নন্দলাল মিত্র লেন। এখানেই তাঁর ইমারতি সামগ্রীর দোকান। সেই দোকানই সিল করে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে। অভিযোগ, ১৬ বছর ধরে সম্পত্তি কর জমা করেননি মালিক। নোটিশে বলা হয়েছে, বকেয়া সম্পত্তি করের পরিমাণ ১ লক্ষ ৪৫ হাজার টাকার কিছু বেশি। পুরসভার সম্পত্তি কর বিভাগের এক কর্তা বলেন, তাঁকে তিন-চারবার চিঠি পাঠানো হয়েছিল। এদিকে, দোকান সিল হওয়ার খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক। তিনি বকেয়া করের একাংশ মেটাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে যতদিন না টাকা জমা পড়ছে, ততদিন সিল ভাঙা হবে না।