


গুরুগ্রাম: ইউটিউবার এলভিস যাদবের বাড়ির বাইরে গুলিবর্ষণ। গুরুগ্রামের সেক্টর ৫৭-এ এলভিসের বাড়ি। রবিবার ভোরে সেখানেই গুলিবর্ষণ হয়। দুই মুখোশধারী দুষ্কৃতী অন্তত ২৪ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। বাড়ির ভিতর এলভিস যাদবের পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিলেন। যদিও কেউ আহত হননি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, একটি বাইকে করে আসে মুখোশধারীরা। দূর থেকেই গুলি চালায় তারা। পরে তাদের মধ্যে একজন গেটের কাছে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপরই পালিয়ে যায় দু’জনে। ওই সময় এলভিস বাড়িতে ছিলেন না। তাঁর
বাবা রাম অবতার যাদব জানিয়েছেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। গুলির চিহ্ন দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিসে। এদিকে, ‘ভাউ গ্যাং’-এর সদস্য নীরজ ফরিদপুর ও ভাউ রিতোলিয়া
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এলভিশ যাদব বেটিং অ্যাপ প্রচার করেন। এর ফলে অনেকের ক্ষতি হয়েছে। সে কারণেই এই হামলা। পুলিস অবশ্য এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে।