


মুম্বই: মুম্বইয়ের মাদক মামলায় স্বস্তি বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহিদের। তদন্তে তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে খবর। ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বাদ পড়তে পারে তাঁদের নাম। সম্প্রতি জানা গিয়েছে, মুম্বই পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল ইতিমধ্যে ২০২২ সালের এই মামলার তদন্ত শেষ করেছে। শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। সূত্রের খবর, সেখানে শ্রদ্ধা, নোরা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি, অভিনেতা তথা শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর, বাবা সিদ্দিকির পুত্র জিশান সিদ্দিকির নাম বাদ যেতে পারে। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত তারকাদের সঙ্গে এই মামলার সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি। কোনো প্রমাণও মেলেনি তাঁদের বিরুদ্ধে। তাই ধৃত ও পলাতকদের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করা হবে। এই খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশ করেছেন ওরি।