


বাই: সদ্যপ্রকাশিত আইসিসি টি-২০ র্যাংকিংয়ে ঝলমলে শ্রেয়স আয়ার। ব্যাটারদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন তিনি। এটাই তাঁর কেরিয়ারের সেরা উত্থান। শ্রেয়সের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৭৯৮। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০’তে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেলেন তিনি। ৪৩ বলে তাঁর ১০২ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছক্কায়। পরের ম্যাচেও অধিনায়কের ব্যাট থেকে আসে ঝকঝকে ৪০। সেই সুবাদেই তিন ধাপ উন্নতি করলেন ভারতীয় অধিনায়ক। শুধু তাই নয়, ব্যাটারদের র্যাংকিংয়ে প্রথম চারের মধ্যে তিন জনই ভারতীয়। শীর্ষে আছেন ঈশান কিষান। তাঁর প্রাপ্ত রেটিং পয়েন্ট ৯০৪। দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা (৮৯১)। আর তিনে পাকিস্তানের শাহিবজাদা ফারহান (৮৮৩)। ওডিআই ক্রিকেটে ব্যাটারদের র্যাংকিংয়ে প্রথম দশে আছেন চার ভারতীয়। শীর্ষে শুভমান গিল (৮৪১)। তৃতীয়, চতুর্থ স্থানে যথাক্রমে বিরাট কোহলি (৭৮১) ও রোহিত শর্মা (৭৭০)। আর দশ নম্বরে লোকেশ রাহুল (৬৫৩)।