


বার্মিংহাম: প্রথম টেস্টে ভারতের পরাজয়ের অন্যতম কারণ লোয়ার অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ইনিংস। আর তাই এজবাস্টন টেস্টে টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে বললেন অধিনায়ক শুভমান গিল। তিনি বলেছেন, ‘লোয়ার অর্ডার যে অন্য দলগুলোর মতো রান করছে না, এটা আমরা জানি। কিন্তু অন্যদিকটাও দেখতে হবে। ১৪৭ রানে ব্যাট করার সময় আমি বাজে আউট হয়েছিলাম। ঋষভ পন্থের সঙ্গে জুটিতে আরও ৫০ রান যোগ করতেই পারতাম। ভালো বলে আউট হলে কিছু করার নেই। কিন্তু সেট হয়ে গেলে বড় রান করতেই হবে। আরও দায়িত্ব নিতে হবে। উইকেট ছুড়ে দেওয়া যাবে না। মাথায় রাখা দরকার যে, আমাদের ব্যাটিংয়ে গভীরতা কম।’
এদিকে. যশপ্রীত বুমরাহর খেলা বা না খেলাকে গুরুত্ব দিতে চাইছেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি সাফ বলেছেন, ‘ও খেলবে কিনা, সেটা ভারতের ব্যাপার। ওরাই সিদ্ধান্ত নিক। ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে এতে আমার কোনও বক্তব্য নেই।’ ভারতীয় দলকে অবশ্য সমীহ করছেন তিনি। স্টোকসের কথায়, ‘ভালো দল। প্রচণ্ড লড়াকু। খুব আবেগপ্রবণ টিম। অন্য দেশের থেকে ভারতের ক্রিকেটার হওয়া বেশি চাপের। আমরা তাই আত্মতুষ্টি দূরে সরিয়ে নামছি।’
হেডিংলে টেস্টে দুই ইনিংসেই শতরান করেছেন ঋষভ পন্থ। তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত শুনিয়েছে স্টোকসকে, ‘আমার প্রতিপক্ষ হলেও ঋষভের ব্যাটিং দেখতে ভালোবাসি।’