


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে আগামী কাল, বৃহস্পতিবার প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। প্রার্থী ঘোষণার পরই পদ্ম শিবির প্রচারে ঝাঁপিয়ে পড়ে। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মুর্শিদাবাদের শক্তিপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত মাটিতে বিজেপির চ্যালেঞ্জ পদ্ম ফোটানোর। মনোনয়ন জমা দেওয়ার সময় শাখারভের সঙ্গে হাজির ছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার খোদ মুখ্যমন্ত্রী নির্বাচনি জনসভা করবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর রেজিনগর এবং নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হন। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য হয় এবং সেখানে উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে ভোটগ্রহণ ৬ অক্টোবর এবং গণনা ৯ অক্টোবর। রেজিনগরের নির্বাচনি ময়দানে ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে নেমেছেন। বিজেপি প্রার্থী শাখারভ সরকারও সোমবার শক্তিপুরে মিছিল ও কর্মিসভা করেন। মুখ্যমন্ত্রী আসার আগে সাংগঠনিক বৈঠক, পদযাত্রা, দলীয় কার্যালয় উদ্বোধন এবং জনসংযোগ কর্মসূচিতেও তাঁকে দেখা যায়।
অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীও প্রচার করছেন। কংগ্রেসের আবদুল্লাহিল কাফি, সিপিএম প্রার্থী মহম্মদ সাঈদ, আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবি আজাদ, গণতান্ত্রিক তৃণমূলের সফিউজ্জামান শেখ, মমতা সর্বভারতীয় তৃণমূলের রবিউল আলম চৌধুরী নিজেদের ভোটের প্রচার চালাচ্ছেন।
ভোটের দিন যত এগিয়ে আসছে, রেজিনগরের রাজনৈতিক প্রচারও ততই জোরদার হচ্ছে। ১ অক্টোবর শক্তিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা ঘিরে দলের স্থানীয় সংগঠনের প্রস্তুতিও বাড়ছে। জানা গিয়েছে, হেলিকপ্টারে করে এসে শক্তিপুরে নেমে প্রতাপসংঘের মাঠে শুভেন্দুবাবু জনসভা করবেন।
বিজেপি প্রার্থী বলেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সভা করবেন। এর আগে নির্বাচন ঘোষণার আগে রেজিনগরে এসে সভা করে তিনি একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এবার ভোটের আগে শক্তিপুরে তাঁর বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ আসবে। লোক সমাগম এত হবে যে মাঠের জায়গা কুলানো যাবে কি না সন্দেহ। রেজিনগরকে রোজগার নগর বানানোর শপথ আমাদের। ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়ন ও কাজের উপর ভরসা রেখে মানুষ আমাদের ভোট দেবে।